বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে ৬ মেগাহার্জ তরঙ্গ বরাদ্দ পাবে দিগন্ত টিভি
দীর্ঘ ১১ বছর পর বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের সম্প্রচারের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। টেলিভিশনটির কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৮ আগস্ট) এ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে মন্ত্রণালয়। আদেশের কপি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনেও (বিটিআরসি) পাঠানো হয়েছে।
আবেদনটি হাতে পাওয়ার কথা নিশ্চিত করে বিটিআরসি’র মহাপরিচালক (তরঙ্গ) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মনিরুজ্জামান জুয়েল ডিজিবাংলা-কে বলেছেন, আমরা চিঠিটি হাতে পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে এখন তাদের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে সি ব্যান্ডে ৬ মেগাহার্জ তরঙ্গ বরাদ্দ দেয়া হবে।
এই তরঙ্গে চ্যানেলটি ফের তাদের সম্প্রচারে ফিরতে পরবে বলে মনে করা হচ্ছে।
এর আগে ২০১৩ সালে বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ এনে চ্যানেলটির সম্প্রচার সাময়িক বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার।

প্রসঙ্গত, গত ৬ আগস্ট দিগন্ত টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাবেক সব কর্মকর্তা জড়ো হন। নতুন করে দিগন্ত টেলিভিশন চালু হওয়ার বিষয় নিয়ে আলোচনা করতেই একত্রিত হন তারা। এরপর বৃহস্পতিবার দিগন্ত মিডিয়া করপোরেশন লিমিটেডের (দিগন্ত টিভি) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. ফিরোজ খান স্বাক্ষরিত এক আদেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
এতে বলা হয়, আবেদনপত্রের পরিপ্রেক্ষিতে দিগন্ত মিডিয়া করপোরেশন লি. (দিগন্ত টেলিভিশন)-এর সম্প্রচার কার্যক্রম সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
দিগন্ত টেলিভিশন বন্ধের সময় তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছিলেন, দিগন্ত টেলিভিশনসহ দু-একটি টেলিভিশন ঘটনাকে উসকে দিচ্ছে।







